গাজীপুরের শ্রীপুরে একটি জঙ্গলের ভেতর থেকে অন্তত ১২টি ঘোড়ার কাটা মাথা, চামড়া, পা ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে। নির্জন ওই স্থানে ঘোড়াগুলো জবাই করে একটি চক্র মাংস নিয়ে গেছে বলে প্রাথমিক ধারণা করছে স্থানীয়রা ও প্রাণিসম্পদ অধিদপ্তর।
আজ সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার কর্ণপুর-বরমী আঞ্চলিক সড়কের বরমী ও গোসিংগা ইউনিয়নের সীমান্তবর্তী মুদিপাড়া এলাকার জঙ্গল থেকে এসব দেহাবশেষ পাওয়া যায়।
জানা যায়, স্থানীয় কৃষকেরা জঙ্গলে ঘাস কাটতে গিয়ে ঘোড়ার বিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখে ইউনিয়ন পরিষদ সদস্যকে খবর দেন। পরবর্তীতে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমলে পুলিশ ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা সেখানে উপস্থিত হন।
গোসিংগা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য সুমন প্রধান বলেন, গত রাতের যেকোনো সময় ১০ থেকে ১২টি ঘোড়া জবাই করে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশরাফ হোসেন বলেন, জনমানবহীন নির্জন ঘটনাস্থল থেকে ১২টি ঘোড়ার মাথা ও দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। চক্রটি কোথায় এই মাংস সরবরাহ বা বিক্রি করছে তা অনুসন্ধানে কাজ চলছে। উদ্ধারকৃত দেহাবশেষগুলো দ্রুত মাটিচাপা দেওয়া হবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনার নেপথ্যে থাকা চক্রটিকে চিহ্নিত করতে বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।
পূর্বকোণ/রাকিব/আরআর

















