বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে ঢাকায় আসছে ভারতের শীর্ষ শিল্প সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের (সিআইআই) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সোমবার (১৭ আগস্ট) দুই দিনের সফরে আসছে তারা।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিনিধিদলের সফরকে সামনে রেখে একটি অগ্রবর্তী দল ইতোমধ্যে ঢাকায় এসে প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে।
জানা যায়, সফরকালে প্রতিনিধিদলটি বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করবে।
এ ছাড়া ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন (বিডা) কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে। গত দুই বছরে উভয় দেশের আরোপ করা বিভিন্ন বন্দরসংক্রান্ত বিধি-নিষেধের কারণে ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরকারি সূত্রগুলো বলছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়। বাংলাদেশের জন্য বিপুল পরিমাণ বাণিজ্যঘাটতি আছে। বালাদেশ ভারত থেকে পণ্য আমদানি করে বেশি, আর ভারতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ প্রায় ২ বিলিয়ন ডলার।
এমন পরিস্থিতিতে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদলের ঢাকা সফরকে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক পুনরুজ্জীবিত করার গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
পূর্বকোণ/নুসরাত

















