চট্টগ্রাম রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: ২ আসামির ডেথ রেফারেন্সের শুনানি আজ

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: দুই আসামির ডেথ রেফারেন্সের শুনানি আজ

অনলাইন ডেস্ক

১৬ আগস্ট, ২০২৬ | ১২:৩৭ অপরাহ্ণ

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের আপিল এবং ডেথ রেফারেন্সের শুনানি আজ (রবিবার) হাইকোর্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় মামলাটি শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে ১৪ জুন বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুই আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেন। সেদিন কার্যতালিকায় সোহেল রানার আপিল ৩৪ নম্বর এবং স্বপ্না আক্তারের আপিল ৩৫ নম্বরে ছিল।

মামলার ডেথ রেফারেন্সের প্রয়োজনীয় নথিপত্রও এরই মধ্যে হাইকোর্টে পৌঁছেছে।

গত ৭ জুন ঢাকার মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

ট্রাইব্যুনাল রায়ে বলেন, ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ধারা অনুযায়ী আসামিদের মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। তবে ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগের অনুমোদন ছাড়া এ দণ্ড কার্যকর করা যাবে না।

রায়ে সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে দুই লাখ টাকা জরিমানাও করা হয়। জরিমানার অর্থ নিহত শিশুর আইনি উত্তরাধিকারীদের প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ পরিশোধ না করলে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক ও বিক্রি করে সেই অর্থ উত্তরাধিকারীদের বুঝিয়ে দেওয়ার নির্দেশও রয়েছে।

এ ছাড়া রায়ে উল্লেখ করা হয়, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ২৮ ধারা অনুযায়ী রায় ঘোষণার পর আইন নির্ধারিত সময়ের মধ্যে আসামিরা হাইকোর্টে আপিল করার সুযোগ পাবেন।

 

পূর্বকোণ/রেহেনুমা 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট