চট্টগ্রাম রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

দিল্লি সফরের প্রস্তুতি চলছে, প্রধানমন্ত্রীর যাত্রার তারিখ এখনো অনিশ্চিত

দিল্লি সফরের প্রস্তুতি চলছে, প্রধানমন্ত্রীর যাত্রার তারিখ ঠিক হয়নি

অনলাইন ডেস্ক

১৬ আগস্ট, ২০২৬ | ১২:৪৮ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ চলছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে রাষ্ট্রীয় পর্যায়ে এই সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ, যদিও এখনো নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি।

কূটনৈতিক সূত্র জানায়, ভারতের পক্ষ থেকে আগস্টের তৃতীয় সপ্তাহে ২০ ও ২১ তারিখে দুই দিনের সফরের প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু ওই সময় বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বিকল্প তারিখ হিসেবে ২২ ও ২৩ আগস্ট বিবেচনা করা হচ্ছে।

ঢাকার কূটনৈতিক মহল জানায়, নতুন প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফরকে ঘিরে সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতিমধ্যে প্রাথমিক কাজ শুরু করেছেন, যদিও দুই দেশের কোনো পক্ষ থেকেই এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সূত্র মতে, এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি স্পর্শকাতর কিছু বিষয়ও আলোচনায় উঠতে পারে। ঢাকা চাইছে সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করতে, আর দিল্লিও সব বিষয়ে খোলামেলা কথা বলার আগ্রহ দেখিয়েছে।

সম্প্রতি ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী চার দিনের দিল্লি সফর সেরে ঢাকায় ফিরেছেন। এই সফরে তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন বলে জানা গেছে।

আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে থাকবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু। এর পাশাপাশি ভারতে অবস্থানকালে তাঁর রাজনৈতিক তৎপরতা নিয়েও বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া ভিসা সহজীকরণ, বাণিজ্য, বিনিয়োগ, ট্রানজিট, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা, নদীর পানিবণ্টন ও আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয়গুলোও আলোচনায় স্থান পেতে পারে।

বিশেষভাবে গুরুত্ব পেতে পারে ১৯৯৬ সালের গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নের প্রসঙ্গ, যার মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বরে।

সব মিলিয়ে সফরের সুনির্দিষ্ট তারিখ চূড়ান্ত না হলেও, দুই দেশের কর্মকর্তারা প্রস্তুতির কাজ এগিয়ে নিচ্ছেন এবং আগস্টের তৃতীয় বা চতুর্থ সপ্তাহেই এই সফর সম্পন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পূর্বকোণ/আদর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট