রাজধানীতে পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। বুধবার (১২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা, অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের কল্যাণে অংশীদারত্ব বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে কানাডার হাইকমিশনার বলেন, গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ-কানাডার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পারস্পরিক সমৃদ্ধির ভিত্তি তৈরি করেছে। তিনি রোহিঙ্গা সংকট মোকাবিলায় ২০১৭ সাল থেকে কানাডার দেওয়া ৬০০ মিলিয়ন ডলারের বেশি সহায়তার বিষয়টি তুলে ধরেন।
আলোচনায় দুই দেশের বাণিজ্য সম্পর্কের অগ্রগতির বিষয়টিও গুরুত্ব পায়। ২০২৫ সালে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে উল্লেখ করে উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেন।
কৃষি, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ (টিভিইটি), বেসামরিক বিমান চলাচল, নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে বৈধ অভিবাসন সহজ করা, প্রতারণা ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধ এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের বিষয়েও আলোচনা হয়।
এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমানকে অভিনন্দন জানান কানাডার হাইকমিশনার অজিত সিং। তিনি জাতিসংঘ সংস্কারসহ আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে তাঁর মেয়াদকালে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার কানাডার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
পূর্বকোণ/রাকিব
















