আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কবে পালিত হবে , তা নির্ধারণে বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
১৪৪৮ হিজরি সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে সভায় ঈদে মিলাদুন্নবীর তারিখ চূড়ান্ত করা হবে। ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে জাতীয় চাঁদ দেখা কমিটিকে তথ্য জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও চাঁদ দেখার তথ্য জানানো যাবে।
পূর্বকোণ/রাকিব















