তীব্র তাপদাহে যখন জনজীবন বিপর্যস্ত। কোথাও কোনো স্বস্তি নেই। এমন গরম থেকে স্বস্তি পেতে রেল লাইনের ওপর বসেন দুই যুবক। কিছুক্ষণের মধ্যে তারা সেখানেই ঘুমিয়ে পড়েন। এরপর ট্রেনে কাটা পড়ে ঘুমের মধ্যেই চিরঘুমে চলে যান তারা।
মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মহেশপুর ইউনিয়নের বায়ৈখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী ( ২০) ও নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মেহেদী শেখ (২৫)।
রাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গরমের কারণে ওই দুই যুবক রেল লাইনের ওপর ঘুমিয়ে পড়েছিলেন। হটাৎ খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন তাদের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করবে বলেও জানান তিনি।
পূর্বকোণ/ইবনুর
















