চট্টগ্রাম মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

যে কারণে দেশে গ্যাস সংকট আরও বাড়তে পারে জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

১১ আগস্ট, ২০২৬ | ১০:৫৫ অপরাহ্ণ

মহেশখালীর এলএনজি টার্মিনালের একটি বয়লার চালু হয়েছে। আরেকটি বয়লার চালু করতে হলে বর্তমানে চালু থাকা বয়লারটি সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। এতে কয়েক দিনের জন্য দেশে গ্যাস সংকট আরও বাড়তে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

 

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর ঢাকা ক্লাবের সামসন এইচ চৌধুরী হলে ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) এ সেমিনারের আয়োজন করে।

 

তিনি বলেন, এলএনজি সরবরাহে সমস্যার কারণে দেশে গ্যাস সংকট দেখা দিয়েছে। শিল্পকারখানা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখছে।

 

গ্যাস সংকট মোকাবিলায় এলএনজি আমদানি বাড়ানোর সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, টাকা থাকলেও রাতারাতি এলএনজি আমদানি বাড়ানো সম্ভব নয়। প্রয়োজনীয় অবকাঠামো নেই। নতুন একটি এফএসআরইউ কার্যকর করতে ৩০ থেকে ৩৬ মাস সময় লাগতে পারে। তবে সরকারের রাজনৈতিক অঙ্গীকার হলো, সর্বোচ্চ চেষ্টা করে দুই বছরের কম সময়ে এটি কার্যকর করা।

 

প্রতিমন্ত্রী বলেন, তৃতীয় ও চতুর্থ এলএনজি টার্মিনাল নিয়ে কাজ চলছে। একই সঙ্গে মাতারবাড়িতে ল্যান্ডবেসড এলএনজি টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ট্রানজেকশন অ্যাডভাইজার নিয়োগের দরপত্র আহ্বান করা হয়েছে। টার্মিনালের জন্য জমিও চিহ্নিত করা হয়েছে।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট