হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় একটি ফলের দোকান থেকে বিক্রেতার মোবাইল ফোন চুরির অভিযোগ ওঠায় এক উপ-পরিদর্শককে (এসআই) পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগষ্ট) আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানিয়েছেন, রাসেল মিয়া নামে ওই কর্মকর্তাকে গতকাল বিকেলে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
শনিবার রাতে আজমিরীগঞ্জ বাজারের ফল বিক্রেতা রাজীব আহমেদের ফোন চুরি হয়।দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাসেল দোকানে ঢুকে ফল কিনছেন। কেনাকাটা শেষে তিনি সেখানে প্রায় পাঁচ মিনিট অবস্থান করেন। দোকানের কাউন্টারে রাজীবের স্মার্ট ফোন রাখা ছিল। রাসেল সেই ফোনের ওপর একটি ফাইল ও নিজের মোবাইল ফোন রাখেন। কিছুক্ষণ পর রাজীবের সঙ্গে কথা বলতে বলতে দুটি ফোনই নিজের পকেটে তুলে নেন। এরপর তিনি ফলের ব্যাগে নিয়ে দোকান থেকে বেরিয়ে যান।
নিজের ফোন খুঁজে না পেয়ে ওই বিক্রেতা দোকানের সিসিটিভি ফুটেজ দেখে চুরির ব্যাপারে নিশ্চিত হন। এ ব্যাপারে জানতে চাইলে রাজীব বলেন, তিনি ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে ফোন ফেরত দিতে বলেন।
‘এসআই রাসেল আমাকে বলেন, মোবাইল ফোনটি নিয়ে যাওয়ার পর তিনি হারিয়ে ফেলেছেন। এ কারণেই তিনি আমাকে ১৫ হাজার টাকা দিয়েছেন,’ বলেন তিনি।
তথ্যের সত্যতা নিশ্চিত করে আকবর হোসেন বলেন, তিনি নিজেও সিসিটিভি ফুটেজটি দেখেছেন। ‘এ ঘটনায় পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানানোর পর গতকাল রাসেলকে হবিগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে,’ যোগ করেন তিনি।
পূর্বকোণ/নুসরাত















