চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি বানিয়াচোঁ এলাকায় ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল দিকে শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে ওভারটেক করার সময় বাস ও বিপরীত দিক থেকে আসা হাইড্রোলিক বালুবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক দুটিই সড়কের ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়। এছাড়া বাসের কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুসময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। উদ্ধারকাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পূর্বকোণ/ইবনুর















