জাতীয় স্বার্থে ২০২৪ সালের জুলাইয়ে যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল, তেমনি জুলাইয়ের চেতনাকে ধারণ করে ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীনচৌধুরী এ্যানি।
শনিবার (৮ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আইইবি ঢাকা কেন্দ্রের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শনী ও স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ্যানি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়। নিরপেক্ষ নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি ধারাবাহিকভাবে ১৬ বছর আন্দোলন-সংগ্রাম করেছে। এ আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
তিনি বলেন, ৩৬ জুলাই ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয় আসে ফ্যাসিস্ট শেখ হাসিনার পাশের দেশে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই কোনো দলের একক কৃতিত্ব নয়, জুলাই এ দেশের জনগণের। জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখা এবং জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর অঙ্গীকার রয়েছে।
তিনি বলেন, জুলাই প্রশ্নে কোনো আপস নয়। বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ কায়েম হবে না। কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেওয়া হবে না।
ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থার বিষয়ে গণতন্ত্রকামী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান পানিসম্পদমন্ত্রী।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এবং স্মরণিকার মোড়ক উন্মোচন করেন অতিথিরা। এ ছাড়া জুলাইয়ের সংগঠক হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবিদুল ইসলাম আবিদকে সংবর্ধনা দেওয়া হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ এবং নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার।
অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন, রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম রিজু, আইইবির সাধারণ সম্পাদক ও ওয়াসা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী অধ্যাপক ড. সাব্বির মোস্তফা খানসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ















