চট্টগ্রাম সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সর্বশেষ:

টেলিটক বিক্রির পরিকল্পনা নেই, আরও শক্তিশালী করা হবে: মন্ত্রী

টেলিটক বিক্রির পরিকল্পনা নেই, আরও শক্তিশালী করা হবে: মন্ত্রী

অনলাইন ডেস্ক

১২ জুলাই, ২০২৬ | ১০:৫০ অপরাহ্ণ

রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। বেসরকারি অপারেটরদের একচেটিয়া আধিপত্য রোধ এবং বাজার নিয়ন্ত্রণে টেলিটককে সরকারের হাতে রাখা জরুরি বলে মন্তব্য করেন তিনি।

 

রবিবার (১২ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য সানজিদা ইয়াসমিনের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান।

 

আইসিটি মন্ত্রী বলেন, টেলিটককে আমাদের বাজারে রাখতেই হবে।

 

প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক সম্প্রসারণ ও সেবার মান বাড়াতে আমরা অর্থায়নের চেষ্টা করছি। বিদেশি উৎস থেকেও বিনিয়োগ আনার প্রক্রিয়া চলছে।

সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মেয়াদের পর অব্যবহৃত ডেটা কেটে নেওয়ার বিষয়টি নিয়ে সরকারও উদ্বিগ্ন। এ নিয়ে বিটিআরসি ও মোবাইল অপারেটরদের সঙ্গে আলোচনা চলছে।

 

এছাড়া কলড্রপ রোধে গ্রাহকদের স্বার্থ রক্ষায় অপারেটরদের ওপর চাপ অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।

 

নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর প্রশ্নের জবাবে ফকির মাহবুব আনাম জানান, দেশব্যাপী ৫জি সম্প্রসারণে অপারেটরদের প্রযুক্তি-নিরপেক্ষ লাইসেন্স দেওয়া হয়েছে। ২০২৭ সালে ৩.৫ গিগাহার্জ ব্যান্ডে নতুন তরঙ্গ অবমুক্ত করা হবে। এছাড়া ‘ডিজিটাল সংযোগ স্থাপন’ প্রকল্পের মাধ্যমে সারাদেশে ১ লাখ ৯ হাজার ব্রডব্যান্ড সংযোগ দেওয়ার কাজ চলছে, যার মধ্যে ৫৭ হাজার প্রতিষ্ঠানে ইতোমধ্যে সংযোগ দেওয়া হয়েছে।

 

চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য আবদুল হান্নানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আগামী ৫ বছরে ১ হাজার জনকে উচ্চতর প্রশিক্ষণ দিয়ে ফ্রিল্যান্সার তৈরি করা হবে এবং ২ লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেওয়া হবে।

 

পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি বলেন, তরুণদের পর্নোগ্রাফি ও নেতিবাচক আসক্তি থেকে দূরে রাখতে ফ্রিল্যান্সিং ও আইটি প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী স্বীকার করেন যে, দেশের অধিকাংশ ডাকঘরই জরাজীর্ণ। এগুলো পর্যায়ক্রমে সংস্কারের কাজ চলছে। এছাড়া বিটিআরসির কর্মকর্তাদের অতিরিক্ত সম্মানী নেওয়ার অভিযোগটি খতিয়ে দেখা হবে বলে সংরক্ষিত আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারকে আশ্বাস দেন মন্ত্রী।

 

পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট