চট্টগ্রাম রবিবার, ১২ জুলাই, ২০২৬

সর্বশেষ:

ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন: প্রধানশিক্ষকসহ গ্রেপ্তার ২

ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন: প্রধানশিক্ষকসহ গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

১২ জুলাই, ২০২৬ | ৭:৫২ অপরাহ্ণ

এসএসসি পরীক্ষার উত্তরপত্র ছাত্রকে দিয়ে মূল্যায়ন করানোর গুরুতর অভিযোগে কুমিল্লার দেবিদ্বারে প্রধানশিক্ষকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মামলার পর শনিবার (১১ জুলাই) রাতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন দেবিদ্বার থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান।

 

গ্রেপ্তারদের মধ্যে মো. বাচ্চু মিয়া কুমিল্লার দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং বর্তমানে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। অপরজন বিদ্যালয়টির ছাত্র।

 

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সাধারণ বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র একজন পরীক্ষক নিজে মূল্যায়ন না করে তার এক ছাত্রকে দিয়ে মূল্যায়ন করাচ্ছেন।

 

ঘটনাটি প্রকাশ্যে আসার পর অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়। পাবলিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ মূল্যায়ন প্রক্রিয়ায় এমন অনিয়মের সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয়।

 

পরে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশে বিষয়টি তদন্ত করা হয়। তদন্তের পর শনিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পাপিয়া আক্তার বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলা করেন।

 

উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পাপিয়া আক্তার বলেন, মামলায় শিক্ষক ও তার ছাত্রকে আসামি করা হয়। তাদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর ১০, ১২ ও ১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।

 

তিনি আরও বলেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পদে যিনি থাকবেন তিনিই মামলার বাদী হবেন।

 

ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে কুমিল্লা আদালতে প্রেরণ করা হবে। আদালতের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট