জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের সাথে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন।
মঙ্গলবার (৭ জুলাই) বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে সংসদ সচিবালয়।
সংসদ সচিবালয় জানায়, চীনা রাষ্ট্রদূতের সঙ্গে দেশটির দূতাবাসের রাজনৈতিক সেকশনের পরিচালক ঝ্যাং জিং এবং পলিটিক্যাল অ্যাটাশে রু কি উপস্থিত ছিলেন। বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আগামী দিনে দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে উভয় পক্ষ আশা প্রকাশ করে। পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা, উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও বেগবান করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ সময় তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা, চীন-মিয়ানমার-বাংলাদেশ ইকোনমিক করিডোর এবং বাংলাদেশে চীনের বিনিয়োগ ও প্রস্তাবিত বিভিন্ন প্রকল্প নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বিরোধীদলীয় নেতা রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান এবং রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে চীন সরকারের সহযোগিতা কামনা করেন।
পূর্বকোণ/পারভেজ















