বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ফন ডার লেয়েনের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ২০২৭ সালের জুনে অনুষ্ঠিতব্য তৃতীয় গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশগ্রহণ এবং সেখানে মূল প্রবন্ধ (কীনোট) উপস্থাপনের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
এ সফরের মাধ্যমে প্রধানমন্ত্রী ও ইউরোপীয় কমিশনের সভাপতির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকেরও সুযোগ সৃষ্টি হবে বলে জানানো হয়।
গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের ফলে ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ে উদ্যোগের আওতায় টেকসই অবকাঠামো, ডিজিটালাইজেশন, জ্বালানি, পরিবহন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করা হয়।
এ সময় রাষ্ট্রদূত ইইউর ভাইস প্রেসিডেন্ট কাজা কালাসের একটি অভিনন্দনপত্রও পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
চিঠিতে তাঁকে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়।
বৈঠকে বাংলাদেশ-ইইউ সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।
এছাড়া প্রস্তাবিত বাংলাদেশ-ইইউ বিজনেস ফোরাম ২০২৭, আসন্ন উচ্চপর্যায়ের সফর ও বৈঠক, বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ)-এর সম্ভাবনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।
বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি, জাতিসংঘ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়।
শেষে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
পূর্বকোণ/আদর/পারভেজ















