চট্টগ্রাম রবিবার, ০৫ জুলাই, ২০২৬

সর্বশেষ:

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

অনলাইন ডেস্ক

৫ জুলাই, ২০২৬ | ৫:২০ অপরাহ্ণ

বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

আজ রবিবার (৫ মে) বিকেলে রাজধানীর মিরপুরে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্যার দুপুরে অসুস্থ হয়ে পড়লে মিরপুরের একটা হাসপাতালে নেওয়া হয়। দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বাংলা একাডেমি থেকে আমরা যাচ্ছি স্যারের বাসায়। দাফন এবং শ্রদ্ধা নিবেদনের ব্যাপারে সিদ্ধান্ত হলে জানাব।

 

আবুল কাসেম ফজলুল হকের জন্ম ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া গ্রামে। কর্মজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন তিনি।

 

সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ নামে দুটি সাময়িকপত্রের সম্পাদনা ছাড়াও রয়েছে তাঁর অনেক গুরুত্বপূর্ণ বই। ‘একুশে ফেব্রুয়ারি আন্দোলন’, ‘রাজনীতি দর্শন’, ‘সাহিত্য চিন্তা’, ‘সংস্কৃতির সহজ কথা’-এর মতো ২০টির বেশি বই প্রকাশিত হয়েছে গুণী এই অধ্যাপকের। তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি’, ‘স্বদেশচিন্তা’-এর মতো একাধিক গ্রন্থ। ১৯৮১ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট