চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সর্বশেষ:

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল

৩০ জুন, ২০২৬ | ১:৫৫ অপরাহ্ণ

পরবর্তী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যেই নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় কার্যক্রম হাতে নিয়েছে। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

মন্ত্রী জানান, নির্ধারিত সময়ের মধ্যেই গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য কমিশনের সার্বিক প্রস্তুতি অব্যাহত রয়েছে।

অন্যদিকে, এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রথমবারের মতো তথ্যপ্রযুক্তিনির্ভর পোস্টাল ব্যালট নিবন্ধন ব্যবস্থা চালু করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও এই ব্যবস্থা বহাল থাকবে এবং আরও বেশি সংখ্যক প্রবাসী ভোটারকে এর আওতায় আনতে নির্বাচন কমিশন কাজ করছে।

এ ছাড়া গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আবদুল করিমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

জেলা পরিষদ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জেলা পরিষদ আইন, ২০০০ অনুযায়ী সংবিধানের ৬৫ অনুচ্ছেদের আওতায় নির্বাচিত সংশ্লিষ্ট জেলার সংসদ সদস্যরা জেলা পরিষদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং পরিষদের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন।

পূর্বকোণ/পিবিরা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট