কাতারের সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ বাংলাদেশে পৌঁছেছে।
মঙ্গলবার (৩০ জুন) সকাল পৌনে ৭টায় বিমান বাংলাদেশের ফ্লাইটটি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বলে জানিয়েছেন ম্যানেজার হাফিজ আহমদ।
তিনি বলেন, বিমানবন্দরের ২ নম্বর গেইট দিয়ে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান উপস্থিত ছিলেন।
পরে নিহতদের স্বজনরা মরদেহ নিয়ে বাড়িতে দিকে রওনা দেন।
এর আগে ২১ জুন সকালে কাজে যাওয়ার পথে কাতারের আল-শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক গাড়িতে থাকা পাঁচ বাংলাদেশি নিহত হন।
তারা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের মাঝতালুক গ্রামের সলিম উল্লাহর ছেলে মুস্তাক আহমেদ আফনান (৩০), একই গ্রামের মৃত আহসান উল্লাহর ছেলে জুবায়ের আহমদ (৩০), আগাতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৩০), আমরপুর গ্রামের আব্দুন নূরের ছেলে জিবাল আহমদ (৩৬) এবং দক্ষিণবাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি গ্রামের বাহার উদ্দিনের ছেলে আব্দুল কাদির (২৪)।
পরে বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
পূর্বকোণ/রাকিব

















