চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সর্বশেষ:

মানবতাবিরোধী অপরাধ: ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে

মানবতাবিরোধী অপরাধ: ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে

অনলাইন ডেস্ক

৩০ জুন, ২০২৬ | ১১:৪৯ পূর্বাহ্ণ

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে কুষ্টিয়ার হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধে করা মামলার রায় ঘোষণা করা হবে আজ মঙ্গলবার।

 

এদিন দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণা করবে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন—বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

 

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি গাজী মোনাওয়ার হুসাইন তামীম সোমবার বলেন, আদালতের অনুমতি সাপেক্ষে দুপুর দেড়টায় রায় বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।

 

জুলাই গণঅভ্যুত্থানের পরপরই ২৬ অগাস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। বিভিন্ন মামলায় হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

 

প্রসিকিউশনের তদন্ত দল ইনুর বিরুদ্ধে ২০২৫ সালের ২৫ মার্চ তদন্ত শুরু করে প্রতিবেদন দাখিল করে ১১ সেপ্টেম্বর। এরপর ২৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এরপর শুনানি নিয়ে গত বছরের ২ নভেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।

 

সাক্ষ্য ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ২২ জুন রায়ের জন্য মঙ্গলবার দিন ঠিক করে দেয় ট্রাইব্যুনাল।

 

মামলার একমাত্র আসামি ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছে, যার একটি হচ্ছে গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা করার নির্দেশসহ আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি দেওয়া।

 

প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম বলেন, “আমাদের প্রত্যাশা হল- আইন অনুযায়ী তার যে অপরাধ, সে অনুযায়ী তার যেন সর্বোচ্চ শাস্তি হয়, সেটাই প্রত্যাশা করছি।”

 

আসামির আইনজীবী সিফাত মাহমুদ শুভ জানান, আমরা শুরু থেকেই বলে আসছি—এই মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের আনা অভিযোগগুলো সম্পূর্ণ মনগড়া, মিথ্যা ও ভিত্তিহীন। প্রসিকিউশন ইনুর বিরুদ্ধে কোনো অভিযোগ‌ই প্রমাণ করতে সক্ষম হয়নি এবং তারা ২০২৪ সালের জুলাই-অগাস্টে বাংলাদেশে সংঘটিত ঘটনাগুলোর প্রকৃত চিত্র গোপন করেছে।

 

আইনজীবী শুভ বলেন, আসামিপক্ষ থেকে ২১টি পত্রিকার (প্রিন্ট ও অনলাইন) রিপোর্ট, দুটি টেলিভিশন টকশো এবং কুষ্টিয়ার ৬জন নিহত হ‌ওয়ার ঘটনায় দায়েরকৃত ৬টি মামলার এজাহার বা নালিশি দরখাস্তের কপি প্রদর্শনী হিসেবে দাখিল করা হয়েছে। আমরা আশা করছি, মাননীয় ট্রাইব্যুনাল জুলাই-আগস্ট ২০২৪ এ বাংলাদেশে সংঘটিত ‘নন-ইন্টারন্যাশনাল আর্মড কনফ্লিক্ট’ এর সম্পূর্ণ চিত্র বিবেচনায় নিয়ে জনাব ইনুকে বেকসুর খালাস প্রদান করবেন।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট