প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশের অন্যতম মোবাইল অপারেটর বাংলালিংকের মূল কোম্পানি ভিয়ন-এর চেয়ারম্যান অগি ফাবেলা।
সোমবার (২৯ জুন) সকালে সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনে সরকারপ্রধানের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাক্ষাৎ করেছেন ভিয়নের চেয়ারম্যানের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। বৈঠকে ডিজিটাল সেবাকে আরও সহজলভ্য করার বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলালিংক কর্তৃপক্ষকে আরও সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান, যাতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে যায়। একই সঙ্গে ইন্টারনেটের মূল্য আরও কমানোর বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান।’
এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভিয়নের বোর্ড সদস্য মিশেল সুটিং এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োহান হেনড্রিক মার্টিনাস বুস ইওহান।
পূর্বকোণ/পিআর
















