আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে রাজধানীর রমনা থানায় সন্ত্রাস বিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
রবিবার (১৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপ-পরিদর্শক (এসআই) আমির হামজা গত ৯ জুন ফাহিমকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ১৪ জুন দিন ধার্য করেছিলেন।
গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়, তদন্তকালে এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা পলাতক আসামিদের মধ্যে আর এস ফাহিম চৌধুরীর সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলাটি স্পর্শকাতর ও চাঞ্চল্যকর হওয়ায় সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচারের স্বার্থে তাকে গ্রেফতার দেখানো প্রয়োজন।
মামলার অভিযোগ অনুযায়ী, ফাহিম চৌধুরী একজন সাবেক ছাত্রলীগ নেতা ও অর্থ যোগানদাতা। মামলার এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আসামিরা রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করা, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার উদ্দেশে ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি রমনা মডেল থানাধীন রমনা পার্ক এলাকায় একটি গোপন বৈঠকে অংশ নেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সেখান থেকে পালিয়ে যান বলে এ মামলায় উল্লেখ করা হয়েছে।
ওই ঘটনায় রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বাদী হয়ে মামলাটি করেন।
এর আগে ২৯ মার্চ আর এস ফাহিমকে আটক করে স্থানীয় জনতা ও একদল শিক্ষার্থী রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে । পরে তাকে শাহ আলী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরবর্তীতে তাকে গুলশান থানায় হস্তান্তর করে পুলিশ।
পূর্বকোণ/রাকিব


















