গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। আটক যুবকের নাম এস এম মিজানুর রহমান (২৪)।
মো. মিজানুর রহমান উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের মো. তোফাজ্জল হোসেনের ছেলে। তবে স্থানীয়রা জানান, মিজানুর রহমান মানসিকভাবে কিছুটা অসুস্থ।
শুক্রবার দুপুর ১২টার দিকে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ওই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। অভিযুক্ত যুবক থানা হেফাজতে আছেন। এ বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা গেছে, মিজানুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে আপত্তিকর একটি স্ট্যাটাস দেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ছাপড়হাটি ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মোখলেছুর রহমান মুকুল বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ায় তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
পূর্বকোণ/এএইচ

















