চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১১ জুন, ২০২৬

সর্বশেষ:

ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব ৮০ কিলোমিটার কমানোর পরিকল্পনা

ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব ৮০ কিলোমিটার কমানোর পরিকল্পনা

অনলাইন ডেস্ক

১১ জুন, ২০২৬ | ৬:৩১ অপরাহ্ণ

নিরাপদ, আধুনিক ও দক্ষ রেল যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে রেলওয়ের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তঃদেশীয় সংযোগ সম্প্রসারণে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার।

 

 

একই সঙ্গে যাত্রী ও পণ্য পরিবহনে রেলপথকে আরও কার্যকর, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে একাধিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

 

 

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

 

অর্থমন্ত্রী বলেন, দেশের সব জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনা এবং সমুদ্র ও স্থলবন্দরগুলোর সঙ্গে রেল-সংযোগ সম্প্রসারণে সরকার কাজ করছে। পাশাপাশি আধুনিক লোকোমোটিভ, যাত্রীবাহী কোচ (ক্যারেজ) ও পণ্যবাহী ওয়াগন সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 

আমির খসরু জানান, সৈয়দপুর ও পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশেই কোচ ও লোকোমোটিভ সংযোজন (অ্যাসেম্বলিং) কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এছাড়া ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ এবং আধুনিক সিগন্যালিং ব্যবস্থা চালুর মাধ্যমে রেল চলাচলকে আরও নিরাপদ ও গতিশীল করা হবে।

 

 

তিনি বলেন, ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় ইলেকট্রিক ট্র্যাকশন ও উচ্চগতির রেল যোগাযোগ চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে।

 

 

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথের ঢাকা-কুমিল্লা অংশে একটি কর্ডলাইন নির্মাণ করা হবে। এ প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম রুটের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমে আসবে।

 

 

তিনি আরও জানান, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোর হিসেবে ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে করিডোর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে চট্টগ্রামকে একটি আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও সরকারের রয়েছে।

 

 

পূর্বকোণ/রেহেনুমা নাসির

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট