চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১১ জুন, ২০২৬

বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের চুক্তি সই সরকারের

বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের চুক্তি সই সরকারের

অনলাইন ডেস্ক

১০ জুন, ২০২৬ | ১১:৪৪ অপরাহ্ণ

দেশের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাতের উন্নয়নে বিশ্বব্যাংকের সঙ্গে ৪০ কোটি ৪০ লাখ (৪০৪ মিলিয়ন) মার্কিন ডলারের ঋণ ও অনুদান চুক্তি সই করেছে বাংলাদেশ সরকার।

 

বুধবার (১০ জুন) অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) আওতাধীন বিশ্বব্যাংক-৫ শাখার উপ-সচিব আবদুল কাদেরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, চুক্তির আওতায় বিশ্বব্যাংক ২৮৪.৭০ মিলিয়ন এসডিআর—যা প্রায় ৩৭৯ মিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য—ঋণ হিসেবে প্রদান করবে। এর পাশাপাশি ‘গ্লোবাল ফাইন্যান্সিং ফ্যাসিলিটি’ থেকে আরও ২৫ মিলিয়ন মার্কিন ডলার অনুদান হিসেবে পাওয়া যাবে।

 

এই অর্থ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দুটি আলাদা প্রকল্পের অর্থায়নে ব্যয় করা হবে, যার মেয়াদ ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারিত হয়েছে।

 

‘হেলথ অ্যান্ড নিউট্রিশন সার্ভিসেস ইমপ্রুভমেন্ট অ্যান্ড সিস্টেম স্ট্রেন্থেনিং প্রজেক্ট’— নামের প্রথম প্রকল্পটি বাস্তবায়ন করবে স্বাস্থ্য অধিদফতর। এর লক্ষ্য দেশব্যাপী বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগে স্বাস্থ্য ও পুষ্টি সেবার মান, সহজলভ্যতা ও স্থায়িত্ব নিশ্চিত করা।

 

দ্বিতীয় প্রকল্প অর্থাৎ জলবায়ু-সহনশীল প্রজনন স্বাস্থ্য ও জনসংখ্যা সেবা সংক্রান্ত প্রকল্পটি বাস্তবায়ন করবে পরিবার পরিকল্পনা অধিদফতর। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করে প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় এই প্রকল্প কাজ করবে।

 

পূর্বকোণ/আদর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট