ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আশরাফুল আলমকে।
আজ বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ এর ধারা ৪৯(১)(ঘ)(আ) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক মোহাম্মদ আশরাফুল আলমকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি নির্বাহী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে কর্মরত।
ব্যাংকটির সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, ব্যাংকের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে এ নিয়োগ দেয়া হয়েছে।
পর্যবেক্ষক হিসেবে জনাব মোহাম্মদ আশরাফুল আলম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ প্রাসঙ্গিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন এবং ব্যাংকের কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় তথ্য ও পর্যবেক্ষণ প্রদান করবেন।
বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে পর্যবেক্ষক নিয়োগের এই পদক্ষেপ ব্যাংকটির কার্যক্রমে আস্থা ও শৃঙ্খলা আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ


















