চট্টগ্রাম বুধবার, ১০ জুন, ২০২৬

সর্বশেষ:

পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার

পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার

অনলাইন ডেস্ক

১০ জুন, ২০২৬ | ৬:৩২ অপরাহ্ণ

মাঠপর্যায়ে বাংলাদেশ পুলিশের টহল ও অপারেশনাল কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ২১২টি ডাবল কেবিন পিকআপ গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই গাড়িগুলো ক্রয়ের জন্য সরকারের মোট ব্যয় হবে ১৮২ কোটি ৩২ লক্ষ টাকা।

 

বুধবার (১০ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। 

 

বৈঠক সূত্রে জানা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ পুলিশের জরুরি অপারেশনাল কাজের ব্যবহারিক চাহিদা মেটাতে সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণ করে এই ২১২টি ডাবল কেবিন পিকআপ কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই ক্রয়ের প্রস্তাবটি মন্ত্রিসভা কমিটিতে উত্থাপন করা হয়েছিল।

 

অনুমোদিত প্রস্তাবনা অনুযায়ী, পুলিশের জন্য নির্ধারিত এই বিশেষ যানবাহনগুলো সরবরাহ করবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির কাছ থেকে গাড়িগুলো বুঝে নিতে ১৮২ কোটি ৩২ লক্ষ টাকার একটি চুক্তি সম্পাদনের অনুমোদন দেওয়া হয়েছে। 

 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা, নিয়মিত টহল কার্যক্রম জোরদার, অপরাধ দমন এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত অভিযান পরিচালনায় পুলিশের যানবাহন সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

 

নতুন এই পিকআপগুলো পুলিশের বহরে যুক্ত হলে মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের আইন-শৃঙ্খলা রক্ষায় যাতায়াত ব্যবস্থা আরও দ্রুত ও বেগবান হবে বলে আশা করা হচ্ছে। 

 

পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট