চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

সর্বশেষ:

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) দেশে আরও তিন শিশু মারা গেছে। এই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৪ শিশু।

হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

অনলাইন ডেস্ক

৯ জুন, ২০২৬ | ৪:৫৭ অপরাহ্ণ

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) দেশে আরও তিন শিশু মারা গেছে। এই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৪ শিশু।

হামের উপসর্গে আক্রান্ত শিশুদের একজন ঢাকায়, একজন সিলেটে ও একজন ময়মনসিংহে মারা গেছে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৫৩৯ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯২ শিশু। এ পর্যন্ত মোট ৬৩১ শিশু মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৮১ হাজার ৮৪ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬ হাজার ১৭০ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৬২ হাজার ২৯২ শিশু বাড়ি ফিরেছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৯৩৩ জন হাম রোগী। আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ১৪ রোগী।

পূর্বকোণ/রেহেনুমা নাসির

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট