চট্টগ্রাম শনিবার, ০৬ জুন, ২০২৬

ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের র‍্যালি, বিতরণ হলো আজওয়া খেজুর-সেভেন আপ

অনলাইন ডেস্ক

৬ জুন, ২০২৬ | ১১:৩৯ পূর্বাহ্ণ

মাঠে উড়ছে আকাশী-নীল আর হলুদ-সবুজ পতাকা। একদল গাইছে গান, আরেকদল উপহার দিচ্ছে সৌদি আরবের আজওয়া খেজুর। শুধু আজওয়া খেজুর নয়, বিতরণ করা হয়েছে সেভেন আপও।
ফুটবল বিশ্বকাপের চিরন্তন বৈরিতা ভুলে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের এমন দৃশ্য দেখা গেল বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে।
ফলে নজিরবিহীন ও সম্প্রীতির যৌথ র‍্যালির সাক্ষী হলো বগুড়াবাসী।

ফিফা বিশ্বকাপ-২০২৬ সামনে রেখে ইতোমধ্যে ফুটবল জ্বরে আক্রান্ত সারাদেশ। বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হতেই বাড়ছে সমর্থকদের উন্মাদনা। এরই অংশ হিসেবে শুক্রবার (৫ জুন) বিকেলে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জড়ো হন ব্রাজিল ও আর্জেন্টিনার শত শত সমর্থক।

এদিন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুবকদের মধ্যে এক ভিন্ন সচেতনতাও দেখা যায়। আনন্দ শোভাযাত্রা শুরুর আগে আর্জেন্টিনার সমর্থকরা খেলার মাঠের পাশে তিনটি বৃক্ষরোপণ করেন। এরপর বিকেল সাড়ে চারটা গড়াতেই আলতাফুন্নেছা খেলার মাঠ রূপ নেয় নীল-সাদা আর হলুদ-সবুজের সমুদ্রে। ৬ শতাধিক আর্জেন্টিনা ভক্ত এবং শতাধিক ব্রাজিল ভক্তদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।

ব্যান্ড পার্টি, বাঁশি, রঙিন বেলুন, পতাকা, মাথার ফিতা ও ঘোড়ার গাড়ি নিয়ে শুরু হয় যৌথ আনন্দ শোভাযাত্রা। দুই দলের সমর্থকরা কাঁধে কাঁধ মিলিয়ে নেচে-গেয়ে অংশ নেন উৎসবে। শোভাযাত্রাটি শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় পৌঁছালে দেখা যায় এক ভিন্ন দৃশ্য। সেখানে আর্জেন্টিনা সমর্থকরা ব্রাজিল সমর্থকদের উদ্দেশে কাওয়ালি গান পরিবেশন করেন। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি পুনরায় আলতাফুন্নেছা খেলার মাঠে এসে শেষ হয়।

তবে উৎসবের সবচেয়ে আকর্ষণীয় পর্বটি ছিল র‍্যালি শেষে দুই দলের উপহার বিনিময়। সম্প্রীতির নজির টেনে ব্রাজিল সমর্থকরা আর্জেন্টিনার সমর্থকদের হাতে তুলে দেন সৌদি আরবের বিখ্যাত আজওয়া খেজুর। পাল্টা সৌজন্য হিসেবে আর্জেন্টিনার সমর্থকরাও ব্রাজিল সমর্থকদের উপহার দেন সেভেন আপ।

আয়োজনের অন্যতম সমন্বয়ক ও আর্জেন্টিনা সমর্থক মাহবুব আলম জিয়ন বলেন, খেলার মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মাঠের বাইরে সবাই বন্ধু। পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন।

এসময় গতবারের মতো এবারও আর্জেন্টিনাই বিশ্বকাপ জিতবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আর্জেন্টিনা সমর্থক ও আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান হাসান আলী আলাল বলেন, ফুটবল এমন একটি খেলা, যা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে একত্রিত করে। মেসির শেষ বিশ্বকাপে তরুণদের নিয়ে আর্জেন্টিনা আবারও শিরোপা জিতবে বলে আমি বিশ্বাস করি।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট