পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ (রবিবার)।
দীর্ঘ এই ছুটির আমেজ কাটিয়ে সোমবার (১ জুন) থেকে পুনরায় খুলছে সরকারি-বেসরকারি সব অফিস, আদালত, ব্যাংক, বিমা ও পুঁজিবাজার। ফলে সব জায়গায় আবারও ফিরতে শুরু করবে নিয়মিত কাজের ব্যস্ততা।
এর আগে ঈদুল আজহা উপলক্ষে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি নির্ধারিত ছিল। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের অবকাশ পেয়েছেন। এই দীর্ঘ বিরতি শেষে আগামীকাল থেকে লাখো কর্মকর্তা-কর্মচারী আবারও কর্মস্থলে ফিরছেন।
ঈদের ছুটির মধ্যেও জরুরি প্রয়োজনে কিছু ব্যাংকের শাখা সীমিত পরিসরে খোলা রাখা হয়েছিল। তবে সোমবার থেকে দেশের সব ব্যাংকে সাধারণ নিয়মে পূর্ণাঙ্গ লেনদেন শুরু হবে। এছাড়া দেশের প্রধান দুই পুঁজিবাজার-ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)-ও শুরু হতে যাচ্ছে নিয়মিত লেনদেন।
প্রতি বছরের মতো এবারও ঈদের পর প্রথম কর্মদিবসে অফিস ও ব্যাংকপাড়ায় কাজের চাপ কিছুটা কম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রথম দিন সাধারণত সহকর্মীদের সঙ্গে ঈদের কুশল ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়েই সময় কাটে। তবে সংশ্লিষ্টদের মতে, ছুটির কারণে জমে থাকা দাপ্তরিক ও বাণিজ্যিক কাজগুলো দ্রুত শেষ করতে চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে ব্যস্ততা বেশ জমে উঠবে।
পূর্বকোণ/এএইচ











