চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

ঢাকায় দূতাবাস খোলার অনুরোধে দক্ষিণ আফ্রিকার আশ্বাস

ঢাকায় দূতাবাস খোলার অনুরোধে দক্ষিণ আফ্রিকার আশ্বাস

অনলাইন ডেস্ক

২২ মে, ২০২৬ | ১০:২১ অপরাহ্ণ

বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে অদূর ভবিষ্যতে ঢাকায় নিজেদের একটি স্থায়ী মিশন (দূতাবাস) স্থাপনের বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার (২১ মে) দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ায় অনুষ্ঠিত দুই দেশের মধ্যকার ষষ্ঠ পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভায় (এফওসি) এই আশ্বাস দেওয়া হয়। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে একথা জানানো হয়।

 

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার পক্ষে যৌথভাবে সভাপতিত্ব করেন দেশটির আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগের এশিয়া ও মধ্যপ্রাচ্য বিষয়ক ভারপ্রাপ্ত উপ-মহাপরিচালক রাষ্ট্রদূত ডি ই ম্যালকমসন।

 

বিবৃতিতে বলা হয়, এই বছর বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৩২তম বার্ষিকী উদযাপিত হচ্ছে। কোভিড-১৯ মহামারিসহ নানা কারণে গত ছয় বছর ধরে দুই দেশের নিয়মিত কূটনৈতিক আলোচনায় যে বিরতি ছিল, বৈঠকে উভয় পক্ষ তা নিয়ে আক্ষেপ প্রকাশ করে। ২০১৯ সালের সেপ্টেম্বরে ঢাকায় সর্বশেষ এই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

 

বৈঠক শেষে বর্তমানে বিবেচনাধীন থাকা বিভিন্ন খসড়া চুক্তি ও সমঝোতা স্মারকগুলো (এমওইউ) দ্রুত চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সবকিছু ঠিক থাকলে, আগামী ২০২৭ সালে সপ্তম এফওসি ঢাকায় অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে পরবর্তীতে এর সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হবে বলে যৌথ বিবৃতিতে জানানো হয়।

 

পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট