চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

শিশু নির্যাতন বিচ্ছিন্ন ঘটনা নয়, মানবিক মূল্যবোধ পতনের প্রতিফলন: মির্জা ফখরুল

ফেসবুকে মির্জা ফখরুল

‘শিশু নির্যাতন বিচ্ছিন্ন ঘটনা নয়, মানবিক মূল্যবোধ পতনের প্রতিফলন’

অনলাইন ডেস্ক

২১ মে, ২০২৬ | ৯:০৯ অপরাহ্ণ

ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এগুলো বহু বছর ধরে চলতে থাকা নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্বহীনতা এবং মানবিক মূল্যবোধের দ্রুত পতনের ভয়ংকর প্রতিফলন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই অমানবিক অপরাধের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেছেন তিনি।

 

 

বৃহস্পতিবার (২১ মে) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুল এসব কথা বলেন।

 

 

বিএনপির মহাসচিব তার পোস্টে লেখেন, ‘ইনশাআল্লাহ আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করব, যেখানে আমাদের সন্তানরা ভয়হীনভাবে বেড়ে উঠতে পারবে।’

 

 

অপরাধ দমনে সামাজিক সচেতনতার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘শুধু আইন বা সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, প্রয়োজন একটি শক্তিশালী জাতীয় সামাজিক আন্দোলন। পরিবার, বিদ্যালয়, মাদ্রাসা, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যম, সামাজিক সংগঠন এবং প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে।

 

 

ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক শিক্ষা দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের ছেলেমেয়েদের সম্মান, মানবিকতা, দায়িত্ববোধ ও নারীর মর্যাদা সম্পর্কে শিক্ষা দিতে হবে। আমাদের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা মানে বাংলাদেশের ভবিষ্যৎকে নিরাপদ করা। আসুন, পরিবর্তনের এই সংগ্রামে সবাই একসঙ্গে শামিল হই।

 

 

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট