চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, প্রতিবাদে সড়ক অবরোধ-ভাঙচুর

বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, প্রতিবাদে সড়ক অবরোধ-ভাঙচুর

অনলাইন ডেস্ক

২১ মে, ২০২৬ | ১:০৫ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গণিকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ মে) মধ্যরাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও কবরস্থান এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ওসমান গণি বড় বিনাইরচর গ্রামের মৃত আব্দুল আব্দুর রশিদের ছেলে।

 

হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে ওসমান গণির স্বজন ও দলীয় নেতা–কর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়ক অবরোধ করে কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাটি কাটা নিয়ে দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রমজান আলীর সঙ্গে ওসমান গণির বিরোধ আছে। সেই বিরোধের জেরে গতকাল রাত পৌনে একটার দিকে ওসমান গণির ওপর হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আড়াইহাজার জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে নেওয়ার আগেই পথে তার মৃত্যু হয়।

 

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ সকাল থেকে নিহত ব্যক্তির স্বজন ও বিএনপির নেতা–কর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়কের বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করে ভাঙচুর চালান।

 

এলাকার কয়েকজনের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকার ব্যক্তিগত জমি ও সরকারি জমি থেকে মাটি বিক্রি করা হলেও কোনো ব্যবস্থা নেয়নি উপজেলা প্রশাসন। মাটি কাটা ও ভাগবাঁটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, ওসমান গনি হত্যার ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট