চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ

টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ

অনলাইন ডেস্ক

২০ মে, ২০২৬ | ৭:৩১ অপরাহ্ণ

বাংলাদেশে চলমান হামের প্রাদুর্ভাব বর্তমানে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে এবং টিকাদান কর্মসূচিতে গতি ফিরেছে বলে জানিয়েছে ইউনিসেফ বাংলাদেশ।

 

বুধবার (২০ মে) রাজধানীর ইউনিসেফ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স দেশের বর্তমান পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে সম্ভাব্য টিকা সংকট নিয়ে ইউনিসেফ আগে থেকেই অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছিল। সংস্থাটি স্বাস্থ্য মন্ত্রণালয়কে অন্তত পাঁচটি চিঠি দিয়েছিল এবং সরকারের কর্মকর্তাদের সাথে ১০টি বৈঠকে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর প্রায় ৭০ মিলিয়ন ডোজ টিকার প্রয়োজন হলেও গত বছরের আগস্ট থেকে নভেম্বরের মধ্যে পাওয়া গিয়েছিল মাত্র ১৭.৮ মিলিয়ন ডোজ, যা মোট চাহিদার মাত্র এক-তৃতীয়াংশ। পর্যাপ্ত টিকার অভাবে রুটিন টিকাদান কর্মসূচি দীর্ঘ সময় ব্যাহত হওয়ায় অনেক শিশু টিকা ছাড়াই থেকে যায়, যা দেশে হামের বড় আকারের প্রাদুর্ভাবের সৃষ্টি করে।

 

ইউনিসেফের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, এই টিকা সংকট কোনো অর্থ বা তহবিলের অভাবের কারণে হয়নি। মূলত ক্রয় প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে সময়মতো টিকা সংগ্রহ করা সম্ভব হয়নি, যার ফলশ্রুতিতে শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেড়ে গিয়েছিল।

 

তবে বর্তমানে পরিস্থিতির দ্রুত উন্নতি হতে শুরু করেছে। রানা ফ্লাওয়ার্স একটি ইতিবাচক খবর দিয়ে জানান যে, ইতিমধ্যে ১ কোটি ৮০ লাখের বেশি শিশুকে হামের টিকা দেওয়া সম্ভব হয়েছে। তিনি আরও নিশ্চিত করেন যে, বর্তমানের এই ব্যাপক টিকাদান কার্যক্রমের ফলে দেশে হামের প্রাদুর্ভাব এখন নিয়ন্ত্রণে রয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট