সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার সিদ্ধান্ত সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন অঞ্চলে নতুন বিমানবন্দর স্থাপনের যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
বুধবার (২০ মে) সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যেসব বিমানবন্দরে যাত্রীসেবা ও বাণিজ্যিক সম্ভাবনা বেশি, সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে সৈয়দপুরের বিশেষ গুরুত্ব রয়েছে। পাশাপাশি এ অঞ্চল শিল্প ও বাণিজ্যে সমৃদ্ধ হওয়ায় সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আমরা মাত্র দুই মাস হলো দায়িত্ব গ্রহণ করেছি। ধাপে ধাপে একটির পর একটি কাজ এগিয়ে নেওয়া হবে।
পরে তিনি সড়ক পথে ঠাকুরগাঁও জেলা সফরের উদ্দেশ্য রওনা করেন। এসময়ে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আক্তারসহ দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/ইবনুর












