চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: তথ্য উপদেষ্টা

শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: তথ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক

১৯ মে, ২০২৬ | ৮:৩৬ অপরাহ্ণ

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও ‘ইনসাফ’ থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরত আসেন, তাঁকে কোনো এক্সট্রা জুডিশিয়াল (বিচারবহির্ভূত) কিছু করা হবে না।

 

আজ মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে সরকারের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

 

ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরত আসেন, তাকে কোনও এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা আসলে করবো না। আমাদের কাছে প্রতিজ্ঞা কী? আমরা জুডিশিয়ালি করবো। ওনার বিচার হয়েছে, ওনাকে আবার ডিফেন্ড করতে দেওয়া হবে। তাতে তার মৃত্যুদণ্ডাদেশ থেকে যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি, সেটা আমরা মানবো। আর যদি না হয় সেটা কার্যকর হবে। এটাই হচ্ছে ইনসাফ। কারণ মৃত্যুদণ্ড হওয়াও কিন্তু ইনসাফ যে আমি আপনাকে প্রপার বিচারিক প্রক্রিয়ায় কাজটা করেছি।

 

এ সময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, আমরা জানি যেকোনও ধরনের একটা অভিযোগের কিন্তু প্রথম পর্যায়ে অভিযোগ দায়ের করা হয়। তারপর ওটা একটা তদন্ত প্রক্রিয়ায় যায়। তারপর ওটা একটা প্রসিকিউশন পর্যায়ে যায়। তারপরে কিন্তু ওটা একটা লোক অপরাধী কি অপরাধী না চিহ্নিত হয়। এই পুরো প্রক্রিয়াটিতে যেকোনও একজন অপরাধী, যেকোনও একজন অভিযুক্ত অপরাধী নয়। এটা প্রমাণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা তিনি করতে পারেন। তিনি যদি চান রাষ্ট্র তাকে সহযোগিতা করবে। এটাই তো ন্যায্যবিচার। এটাই তো ইনসাফের কথা বলছে এবং আমরা যেকোনও ব্যক্তির ক্ষেত্রে পলাতক সরকারপ্রধান থেকে শুরু করে একদম সাধারণ একজন নাগরিকের ক্ষেত্রে আমরা এই ইনসাফের নীতি এবং আমরা এই ন্যায়বিচারের মৌলিক নীতিকে অনুসরণ করবো।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট