যুক্তরাজ্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৮ মে) সকাল ১০টা ৫০ মিনিটে রাষ্ট্রপ্রধানকে বহনকারী ফ্লাইট ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে গত ৯ মে স্বাস্থ্য পরীক্ষা ও ফলো-আপ চিকিৎসার জন্য তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। গত ১২ মে ক্যামব্রিজের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট স্টিফেন হোলির তত্ত্বাবধানে রাষ্ট্রপতির এনজিওগ্রাম করা হয়। এসময় হৃদযন্ত্রে একটি ব্লক ধরা পড়লে তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করা হয় এবং সফলভাবে একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়।
বর্তমানে রাষ্ট্রপতির শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’ ও ‘সন্তোষজনক’ রয়েছে।
পূর্বকোণ/পিআর













