চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

পাটগ্রাম সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

অনলাইন ডেস্ক

১৭ মে, ২০২৬ | ৬:১৮ অপরাহ্ণ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী দহগ্রাম এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার তাঁকে আদালতে পাঠানো হয়।

পাটগ্রাম থানা–পুলিশ সূত্রে জানা যায়, অনুপ্রবেশের অভিযোগে গতকাল দুপুরের দিকে পাটগ্রামের দহগ্রাম আঙ্গরপোতার (বিলুপ্ত ছিটমহল) বঙ্গের বাজার সীমান্ত এলাকা থেকে সাব্বির বিন শামসকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি কুটনৈতিক পাসপোর্টসহ (লাল রঙের) মোট সাতটি পাসপোর্ট, একটি আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স, একটি বাটন ফোন এবং কিছু বাংলাদেশি টাকা পাওয়া যায়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ওই ঘটনায় পাটগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গতকাল সন্ধ্যায় সাব্বির বিন শামসকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে পাঠানো হয়।

লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ বলেন, ‘গতকাল রাতে সাব্বির বিন শামসকে সদর থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়। লালমনিরহাট সদর থানার বহুল আলোচিত আগুনে পুড়ে ছয়জন মৃত্যুর ঘটনার হওয়া মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ দুপুরে লালমনিরহাটের আদালতে সোপর্দ করেছি।’

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট