চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

আমির হামজার বিরুদ্ধে সমন জারি

মুফতি আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

অনলাইন ডেস্ক

১৭ মে, ২০২৬ | ৩:৩১ অপরাহ্ণ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজার গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার (১৭ মে) বেলা ১১টায় এ আদেশ দেন সিরাজগঞ্জের চৌহালী আমলি আদালতের বিচারক সুমন কর্মকার।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল।

তিনি বলেন, ‘রবিবার আদালতে আমির হামজার হাজির হওয়ার কথা ছিল। তবে তিনি আদালতে উপস্থিত হননি। এর আগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। আজ আদালত তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন।’

জানা গেছে, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। ওই দিন আদালত তাকে সমন জারি করে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেন।

কিন্তু নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে রবিবার আদালতে হাজির হওয়ার কথা থাকলেও তিনি উপস্থিত না হওয়ায় আদালত পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট