চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

নতুন উপাচার্য নিয়োগ ইস্যুতে ডুয়েটে সংঘর্ষ

নতুন উপাচার্য নিয়োগ ইস্যুতে ডুয়েটে সংঘর্ষ

অনলাইন ডেস্ক

১৭ মে, ২০২৬ | ৩:৩৪ অপরাহ্ণ

নতুন উপাচার্য নিয়োগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।

 

রবিবার (১৭ মে) গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ভাইস চ্যান্সেলর হিসেবে বৃহস্পতিবার (১৪ মে) নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগের প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

 

এছাড়া ডুয়েটের শিক্ষক নেতারাও ডুয়েটের জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে ভাইস চ্যান্সেলর নিয়োগের দাবি জানান।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডুয়েটের ভাইস চ্যান্সেলর নিয়োগের প্রজ্ঞাপন জারি হওয়ার পর বৃহস্পতিবার রাতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এরপর রবিবার (১৭ মে) সকাল থেকে ডুয়েট শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে আবারও বিক্ষোভ করতে থাকেন।

 

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া ভিসি যোগদানের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তারা প্রধান গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত ভিসির পক্ষে কিছু শিক্ষার্থী অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয়পক্ষের ইটপাটকেল নিক্ষেপে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

 

ডুয়েট শিক্ষার্থীদের দাবি, বহিরাগত কিছু লোক এসে ভিসির পক্ষে অবস্থান নেন। একপর্যায়ে ওই বহিরাগতদের সঙ্গে ডুয়েট শিক্ষার্থীদের সংঘর্ষ বেঁধে যায়। এতে বেশ কয়েকজন ডুয়েট শিক্ষার্থী আহত হয়েছেন।

 

গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ডুয়েটের ভাইস চ্যান্সেলর নিয়োগকে কেন্দ্র করে কয়েক দিন যাবৎ শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। রোববার তা সংঘর্ষে রূপ নেয়। পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে কাজ করে যাচ্ছে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট