চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

বিসিবির এডহক কমিটি বাতিল চেয়ে এবার বুলবুল-ফারুকদের রিট

বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে রিট

অনলাইন ডেস্ক

১৬ মে, ২০২৬ | ৫:১১ অপরাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন দুই সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ফারুক আহমেদসহ ১২ পরিচালক।

 

 

বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি এ এফ এম সাইফুল করিমের বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

 

 

রিটকারীদের মধ্যে আরও রয়েছেন আসিফ আকবর, খান আবদুর রাজ্জাক, এম নাজমুল ইসলাম, নাজমুল আবেদীন, মো. হাসানুজ্জামান, রাহাত শামস, আবুল বাশার, আদনান রহমান, আহসান ইকবাল চৌধুরী ও খালেদ মাসুদ পাইলট।

 

 

রিটের বিবাদীদের মধ্যে রয়েছেন যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি), এনএসসির নির্বাহী পরিচালক, বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল, বিসিবির সচিব, বিসিবির প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন, সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক সিবগাতুল্লাহ এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।

 

 

আবেদনে বলা হয়েছে, বিসিবির নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে অ্যাডহক কমিটি গঠন কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়েছে।

 

 

এর আগে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে।

 

 

গঠিত কমিটির সভাপতি করা হয় তামিম ইকবাল খানকে। এছাড়া সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান কমিটিতে অন্তর্ভুক্ত হন।

 

 

অ্যাডহক কমিটির সদস্য রাশনা ইমাম বিএনপির সংসদ সদস্য ববি হাজ্জাজের স্ত্রী। এছাড়া মির্জা ইয়াসির আব্বাস, সাঈদ ইব্রাহিম আহমদ ও ইসরাফিল খসরু যথাক্রমে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে।

 

 

কমিটিতে আরও রয়েছেন তানজিল চৌধুরী, মির্জা সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।

 

 

এর আগে অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে সাত আইনজীবী রিট আবেদন করলে গত ১১ মে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী-এর হাইকোর্ট বেঞ্চ তা খারিজ করে দেন।

 

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট