দেশে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। এর সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় হাম ও এই রোগের উপসর্গ নিয়ে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে গত ১৫ মার্চ থেকে শুক্রবার (১৫ মে) সকাল ৮টা পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫১ জনে।
শুক্রবার (১৫ মে) দৈনিক বুলেটিনে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে এসব তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, নতুন করে মারা যাওয়াদের মধ্যে আটজন নিশ্চিত হামে মারা গেছে। আর বাকি চারজন মারা গেছে উপসর্গ নিয়ে। একই সময়ে নতুন করে ১১১ শিশুর শরীরে হাম শনাক্ত করা গেছে। আর এক হাজার ১৯২ শিশুর উপসর্গ মিলেছে।
গত ১৫ মার্চ থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা সাত হাজার ৪১৬ জন। একই সময়ে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬১১ জনে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সন্দেহভাজন হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৭৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৫৫ জন।
পূর্বকোণ/আরআর
















