চট্টগ্রাম সোমবার, ০৮ জুন, ২০২৬

সর্বশেষ:

ঈদকে সামনে রেখে ৩৪ লাখ জাল টাকা বাজারে ছড়ানোর পরিকল্পনা, গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক

১৪ মে, ২০২৬ | ৫:৫৪ অপরাহ্ণ

ঢাকায় অভিযান চালিয়ে ৩৪ লাখ টাকার জাল নোট এবং টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামসহ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি।

গ্রেপ্তারকৃতরা হলেন- মজিবুর রহমান, দুলাল মৃধা ও মো. মামুন।

আজ বৃহস্পতিবার (১৪ মে) ঢাকার মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

তিনি বলেন, কোরবানির ঈদকে কেন্দ্র করে পশুর হাট ও বিপণিবিতানে বিপুল পরিমাণ জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল চক্রটির। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরার সমবায় বাজার (বিডিআর) মার্কেটের সামনে অভিযান চালিয়ে মজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চার লাখ টাকার জাল নোট এবং জাল টাকা বিক্রির ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।

ডিবি জানায়, পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুর ২টায় গাজীপুর মহানগরের বাসন এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করে ডিবি। সেখান থেকে দুলাল মৃধা ও মামুনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আরও ৩০ লাখ টাকার জাল নোট, একটি ল্যাপটপ, তিনটি রঙিন প্রিন্টার, সোনালি ফয়েল পেপার, সিকিউরিটি ট্যাগ, জলছাপযুক্ত কাগজ, আংশিক প্রিন্ট করা এক হাজার টাকার নোটের কাগজ, গাম ও কাটার উদ্ধার করা হয়।

ডিবি আরও জানায়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট