চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

প্রতি ফুট কোরবানি পশুর চামড়া দুই টাকা বাড়ালো সরকার

প্রতি ফুট কোরবানির পশুর চামড়ার দাম দুই টাকা বাড়ালো সরকার

অনলাইন ডেস্ক

১৩ মে, ২০২৬ | ৬:৪৬ অপরাহ্ণ

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এ বছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় দুই টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৬২ থেকে ৬৭ টাকা, যা গত বছর ছিল ৬০ থেকে ৬৫ টাকা। অন্যদিকে, ঢাকার বাইরে গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ থেকে ৬২ টাকা, যা গত বছর ছিল ৫৫ থেকে ৬০ টাকা।

আজ বুধবার (১৩ মে) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে কোরবানি-সংক্রান্ত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাণিজ্যমন্ত্রী বলেন, কোরবানির পশুর চামড়া যেন নষ্ট না হয়, সেজন্য সারা দেশে সরকারি অর্থায়নে বিনামূল্যে লবণ পৌঁছে দেওয়া হবে। এ জন্য ইতোমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কেনা হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) মাধ্যমে জেলা-উপজেলায় এই লবণ পৌঁছে দেওয়া হবে। প্রতিটি এলাকায় ব্যবসায়ী ও মসজিদ-মাদরাসায় চামড়া সংরক্ষণ করা হবে।

বাণিজ্যমন্ত্রী জানান, এ বছর ঢাকার ভেতরে গরুর কাঁচা চামড়ার প্রতি বর্গফুটের দাম ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ঢাকার বাইরে গরুর কাঁচা চামড়ার প্রতি বর্গফুটের দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ থেকে ৬২ টাকা।

গরুর পাশাপাশি খাসি ও বকরির চামড়ার দামও নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে খাসির চামড়ার প্রতি বর্গফুটের দাম ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম প্রতি বর্গফুট ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, আগামী কোরবানির ঈদে কোনো চামড়া যেন নষ্ট না হয়, সেজন্য আমরা কাজ করছি। প্রতিটি জেলা ও উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট মসজিদ-মাদরাসার লোকজনকে ডেকে এনে প্রশিক্ষণ দেবেন। তারা কোরবানির পর চামড়া সংরক্ষণ করবেন।

 

পূর্বকোণ/রাজিব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট