চট্টগ্রাম সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

ফেসবুকে ‘সুইটহার্ট’ লিখে অস্ত্রসহ ছবি পোস্ট, তরুণ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

৩ মার্চ, ২০২৫ | ১১:৩৩ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘সুইটহার্ট’ লিখে অস্ত্রসহ ছবি দিয়ে পোস্ট করার পর এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২ মার্চ) রাত ৯টার দিকে দিনাজপুরের বিরামপুর পৌর শহরের বড়মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার তরুণ নাবিল হোসেন (২২) বিরামপুর পৌর শহরের ইসলামপাড়া মহল্লার নজরুল ইসলামের ছেলে।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে নাবিল হোসেন তার ফেসবুক আইডি নাবিল (নাবু) থেকে একটি রিভলবার ও ম্যাগাজিনের ছবি দিয়ে পোস্ট করেন। ওই ছবির নিচের ডান পাশে কোণে ইংরেজিতে লাল রঙের কালিতে ‘সুইটহার্ট’ লেখা ছিল। বিষয়টি জানতে পেরে সন্ধ্যায় নাবিল হোসেনকে ধরতে অভিযানে নামে পুলিশ। রাত ৯টার দিকে বিরামপুর পৌর শহরের নতুনবাজার এলাকায় বিরামপুর মহিলা কলেজ–সংলগ্ন বড়মাঠ থেকে নাবিলকে গ্রেপ্তার করা হয়।

 

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, নাবিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড শাখার সদস্য। বিরামপুর থানায় গত ২৫ অক্টোবর দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার (৩ মার্চ) তাকে দিনাজপুর আদালতে পাঠানো হবে।

 

ওসি মমতাজুল হক বলেন, গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হওয়ায় নাবিল হোসেন তার ফেসবুকে অস্ত্রসহ ডাউনলোড করা একটি ছবি দিয়ে পোস্ট করেছিলেন। তিনি ফেসবুকে অস্ত্রসহ একটি ছবি পোস্ট দিয়ে লিখেছিলেন—‘তুমি যদি যোগাযোগ না করো, তাহলে আমি আত্মহত্যা করব।’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট