চট্টগ্রাম সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক

২১ জানুয়ারি, ২০২৫ | ১১:০৬ পূর্বাহ্ণ

সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক বৈঠকে যোগ দিতে চারদিনের সরকারি সফরে সুইজারল্যান্ডের দাভোসের উদ্দেশ্যে রওনা হন তিনি।

 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিউল আলম জানিয়েছেন, অধ্যাপক ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট সোমবার (২০ জানুয়ারি) রাত ১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

 

সফরে প্রধান উপদেষ্টা জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

 

প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা শেখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড, মেটাতে গ্লোবাল এফেয়ার্সের প্রেসিডেন্ট স্যার নিক ক্লেগ, এমনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল ড. এগনেস ক্যালামার্ড এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-আইওয়ালার সঙ্গেও বৈঠকে মিলিত হবেন।

 

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশ নিয়ে একটি পৃথক সংলাপ অনুষ্ঠিত হবে যেখানে বৈশ্বিক ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহীরা যোগ দেবেন। আগামী ২৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট