চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

জাতীয় প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালকদের গণঅবস্থান, যান চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক

২৪ নভেম্বর, ২০২৪ | ২:০৬ অপরাহ্ণ

ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহারসহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় জড়ো হয়ে গণঅবস্থান কর্মসূচি পালন করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। এতে হাইকোর্ট থেকে কদম ফোয়ারা এবং পল্টন পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

রবিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে তারা এখানে আসেন। চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা কামরাঙ্গীরচর, হাজারিবাগ ও সেকশন এলাকা থেকে এসেছেন। টিটাগাং রোড এলাকা থেকেও আরও রিকশাচালক আসছেন।

 

জানা যায়, ব্যাটারিচালিত রিকশাচালকরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বর, হাইকোর্ট মাজার মোড় ও কদম ফোয়ারা হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে আসেন। পরে প্রেসক্লাবের সামনে এসে তারা রাস্তায় বসে পড়েন। প্রেসক্লাবের সামনে একটি পিকআপভ্যানে লাল ব্যানারে সমাবেশ মঞ্চের আয়োজন করেছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।

 

এর আগে শনিবার (২৩ নভেম্বর) পুরানা পল্টনের মুক্তি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলন ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস ১১ দফা দাবি জানান। ইউনিয়নের অন্যান্য দাবি হচ্ছে- দেশের সড়ক উপযোগী নকশায় আধুনিকায়নসহ ব্যাটারিচালিত যানবাহনের বিআরটিএ লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিট দিতে হবে; চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে হবে; ব্যাটারিচালিত যানবাহন চলাচলে নীতিমালা প্রণয়ন করতে হবে; শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে সড়ক ব্যবস্থাপনা ও পরিকল্পনা কমিটি গঠন করতে হবে; সড়কের লেন পদ্ধতি সচল ও সার্ভিস লেন নির্মাণ করতে হবে; আন্দোলনে আটক ও গ্রেপ্তারদের অবিলম্বে মুক্তি দিতে হবে; ব্যাটারিচালিত যানবাহনকে গণপরিবহন ও শিল্প হিসেবে স্বীকৃতি দিতে হবে; জব্দ করা সব ব্যাটারিচালিত যানবাহন ও ব্যাটারি মালিকের কাছে হস্তান্তর ও নিলামকৃত ব্যাটারির মালিকদের ক্ষতিপূরণ প্রদান করতে হবে; চার্জিং স্টেশন নির্মাণ করতে হবে; মানবিক বিবেচনায় ব্যাটারিচালিত যানবাহনের পুঁজিকে নিরাপদ করে পর্যায়ক্রমে প্যাডেলচালিত বাহনের শ্রম থেকে মানুষকে মুক্ত করতে হবে এবং শ্রমিকদের ওপর সব জুলুম-নির্যাতন-চাঁদাবাজি-হয়রানি বন্ধ করতে হবে।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট