চট্টগ্রাম সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

দুপুরে কপ-২৯ সম্মেলনে ভাষণ দেবেন ড. ইউনূস

অনলাইন ডেস্ক

১৩ নভেম্বর, ২০২৪ | ১:০১ অপরাহ্ণ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বুধবার (১৩ নভেম্বর) দুপুরে কনফারেন্স অব দ্য পার্টিস-২৯ (কপ-২৯)-এ ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট একশন সামিটের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন।

 

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ড. মুহাম্মদ ইউনূস বুধবার বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টার মধ্যে কপ-২৯-এ ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট একশন সামিটের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন।

 

আজারবাইজানের রাজধানী বাকুতে মঙ্গলবার (১১ নভেম্বর) কপ-২৯ সম্মেলন শুরু হয়েছে। অধ্যাপক ইউনূস জলবায়ু সম্মেলনে যোগ দিতে চারদিনের সফরে এখন বাকুতে রয়েছেন। এছাড়া প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বাকুতে কপ-২৯-এর উদ্বোধনী দিনে ব্যস্ত দিন পার করেন।

 

প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টা কপ-২৯ ভেন্যুতে বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং তুর্কি ফার্স্ট লেডির সঙ্গে দেখা করেন। প্রেসিডেন্ট এরদোয়ান তাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান। তিনি গভীর সংস্কার ও সমৃদ্ধ দেশ গড়ার যাত্রায় বাংলাদেশকে সম্ভাব্য সবধরনের সহায়তার আশ্বাস দেন। ড. ইউনূস তাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

 

বার্তায় জানানো হয়, তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি ছাড়াও অন্তর্বর্তী সরকারের প্রধান বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ২০ জন শীর্ষ নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দেখা করেছেন। প্রফেসর ইউনূস বৈশ্বিক জলবায়ু সম্মেলনের ফাঁকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও সাক্ষাৎ করেন।

 

এছাড়া প্রধান উপদেষ্টা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পোডেলের সঙ্গে সাক্ষাৎ করেন ও তাকে শুভেচ্ছা জানান।

 

অন্যদের মধ্যে অধ্যাপক ইউনূস বেলজিয়ামের প্রধানমন্ত্রী, ঘানার প্রেসিডেন্ট, বসনিয়া হার্জেগোভিনার প্রধানমন্ত্রী, রুয়ান্ডার প্রেসিডেন্ট, আলবেনিয়ার প্রধানমন্ত্রী, মন্টিনিগ্রোর প্রেসিডেন্ট, বার্বাডোসের প্রধানমন্ত্রী, ব্রাজিল ও ইরানের ভাইস প্রেসিডেন্ট, ফিফা সভাপতি এবং আইওএম’র মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেন।

 

এছাড়া আল-আজহার আল শরিফের গ্র্যান্ড ইমাম আহমেদ আল তাইয়েব মঙ্গলবার সকালে বাকুর রিৎজ কার্লটন হোটেলে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টা সোমবার স্থানীয় সময় বিকাল সোয়া ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বাকু পৌঁছান।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট