পটুয়াখালীর কুয়াকাটায় নিজ বাড়ি থেকে স্বামী ও স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে উপজেলার লতাচাপলি ইউপির আসালত খাঁ পাড়ার ৭নং ওয়ার্ড থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে ঘরে স্বামীর ও বারান্দায় স্ত্রীর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।
নিহত আরিফ হোসেন একই এলাকার আলী হোসেনের ছেলে ও তার স্ত্রীর নাম রিয়া মনি। আরিফ পেশায় একজন ফটোগ্রাফার। তিনি কুয়াকাটায় পর্যটকদের ছবি তুলে রোজগার করতেন।
প্রতিবেশীরা জানান, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর রাত ১২টার দিকে তাদের একমাত্র শিশু কন্যার কান্নার আওয়াজ পাওয়া যায়। এরপর ওই বাড়িতে গেলে ওই স্বামী ও স্ত্রীর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।
নিহত আরিফের ভাগ্নে খাইরুল জানান, তিনি গিয়ে তার মামাকে ঘরে এবং মামিকে বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করেছেন।
পূর্বকোণ/এএইচ






















