দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধ করেনি নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসি।
এর আগে, ভোটের চার দিন আগে গত ৩ জানুয়ারি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এই আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আতাউর রহমান সরকার। সরকারের একতরফা নির্বাচন, সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছিলেন।
এবারের নির্বাচনে গাইবান্ধা-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন (নৌকা), আওয়ামী লীগের স্বতন্ত্র ফারজানা রাব্বী বুবলী (ট্রাক), শামসুল আজাদ শীতল (ঈগল পাখি), বিকল্প ধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম (কুলা) এবং এনপিপির ফারুক মিয়া (আম)।
এদিকে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে নওগাঁ-২ আসন ভোটগ্রহণ স্থগিত করে ইসি। সে সময় ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক (ঈগল মার্কা) হৃদ্রোগে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান।
পূর্বকোণ/জেইউ
















