চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

চলচ্চিত্র পাঠ দেবী

সাকিব মাহমুদ

১৯ অক্টোবর, ২০১৯ | ১:৩৭ পূর্বাহ্ণ

প্রখ্যাত লেখক প্রভাতকুমার মুখোপাধ্যায় রচিত গল্প ‘দেবী’ অবলম্বনে একই নামে নন্দিত নির্মাতা সত্যজিৎ রায় ১৯৬০ সালে নির্মাণ করেন ছবিটি। এই ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এ সর্বোত্তম বৈশিষ্ট্যপূর্ণ বাংলা ছায়াছবির জন্য রাষ্ট্রপতি রৌপ্য পদক পেয়েছে ১৯৬০ সালে এবং ১৯৬২ সালের কান চলচ্চিত্র উৎসব এ সর্বোচ্চ পদক পাম দি’ অর এর জন্য মনোনিত হয়েছিল। জীবনবিমুখ ভক্তি তত্ত্বের দ্বারা আচ্ছন্ন মন যে কী নিদারুণ ট্র্যাজেডির কারণ হতে পারে সেই কথাটাই মূলত এই কাহিনীচিত্রে বলার চেষ্টা করা হয়েছে।

উনিশ শতকের মাঝামাঝিতে বাংলার এক গ্রামের জমিদার পরিবারের গৃহবধূ দয়াময়ী। বিয়ের পরস্বামী উমাপ্রসাদের সংসারেই তার বসবাস। তাদের পরিবারে রয়েছে উমাপ্রসাদের বাবা কালীকিঙ্কর, বড় ভাই তারাপ্রসাদ ও তার স্ত্রী হরসুন্দরী আর তাদের ছেলে খোকা। কালীকিঙ্কর গ্রামের জমিদার এবং বংশের কর্তা। তিনিকালী দেবীর বিশেষ ভক্ত, ধর্মকর্ম করেই মূলত দিন পার করেন তিনি। পুত্রবধূ দয়াময়ীকে বেশ স্নেহও করেন তিনি। উমাপ্রসাদ ইংরেজি পড়তে কলকাতা গেলে শ্বশুর কালীকিঙ্করকে দেখভাল করার দায়িত্ব পড়ে কিশোরী বধূ দয়াময়ীর উপরে।

একরাতে কালীকিঙ্কর স্বপ্নে দেখেন দয়াময়ীকে দেবী কালীর রূপে। এই স্বপ্নকে ঐশ্বরিক ইঙ্গিত ভেবে তিনি দয়াময়ীকে দেবী হিসেবে পূজা শুরু করেন। হতবিহ্বল দয়াময়ীর মাধ্যমে এক মৃত্যুপথযাত্রী বালক কাকতালীয়ভাবে সুস্থ হয়ে উঠলে সবাই তার দেবীত্বের ক্ষমতা স্বীকার করতে শুরু করে। এক সময় দয়াময়ী নিজেও দ্বিধান্বিত হয়ে পড়ে নিজ ক্ষমতা নিয়ে। ফলশ্রুতিতে উমাপ্রসাদ তাকে নিয়ে যেতে চাইলেও সে যেতে রাজি হয়না। অবশেষে এই অন্ধ বিশ্বাসের উপর আঘাত আসে যখন সে তার আদরের খোকাকে বাঁচাতে ব্যর্থ হয়। যার পরিণতিতে জনমুখে দেবী হয়ে ওঠা দয়াময়ী পাগলপ্রায় হয়ে বিলীন হয়ে যায় অজানা ধূসর প্রান্তরে।

প্রভাতকুমার মুখোপাধ্যায় ‘দেবী’ গল্পটি রচনা করেন আনুমানিক ১৯০০ সালের দিকে এবং দেবী গল্পের শুরুতেই তিনি উল্লেখ করেন, “সে আজ কিঞ্চিদধিক একশত বছরের কথা।” অর্থাৎ গল্পের পটভূমি ১৭৯০ থেকে ১৮০০ এর সময়কার । যার ফলে দেবী গল্পটিতে উমাপ্রসাদ চরিত্রটিকে দেখা যায় ফারসি ভাষা শিখতে, ইংরেজি তখনো এতোটা প্রয়োজনীয় হয়ে উঠেনি বলে। অথচ সত্যজিতের দেবী সিনেমাটির উমাপ্রসাদকে দেখা যায় ইংরেজি শিখতে এবং বন্ধুর সঙ্গে ইংরেজিতে কথা বলতে। তাছাড়া রাজা রামমোহন রায় বিষয়ক কথোপকথন এবং বিধবা বিবাহ নিয়ে কথাবার্তার মাধ্যমে সত্যজিত প্রতিষ্ঠা করেন যে তাঁর চলচ্চিত্রে সময়কাল সুনির্দিষ্টভাবেই ভিন্ন এবং সেটি ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়কাল নিয়েই আবর্তিত।

অতএব চলচ্চিত্রটির প্রেক্ষাপট ধারণা করা যায় ১৮৬০ সালে বাংলাদেশের চাঁদপুরের একটি জমিদার পরিবারকে ঘিরে । এই সময়কালটি তখন যখন কিনা ব্রিটিশ শাসন চলছিল ভারতীয় উপমহাদেশে। সে সময় একদিকে ইংরেজ বিরোধী চেতনাও ছিল অপরদিকে ইংরেজি শিক্ষা সংস্কৃতি গ্রহণের উদ্যোগও ছিল লক্ষনীয়। এখানে ইংরেজদের ক্ষমতার ব্যবহারটির পরোক্ষ উপস্থাপন ছিল শ্বশুর কালীকিঙ্করের অচল পায়ে দয়াময়ীর মালিশ করা এবং কালীকিঙ্করের ভাবনায় দেবীর মত ক্ষমতাবান হওয়ার পর দয়াময়ীর পায়ে কালীকিঙ্করের লুটিয়ে পড়ার দৃশ্যর মাধ্যমে যখন যার কাছে ক্ষমতা, তারই পূজারী হওয়ার প্রবণতাটাই যেন ফুটে ওঠে।

ইংরেজ শাসনামলে বাংলার গ্রাম্য সমাজে সংস্কার কুসংস্কারের বেড়াজালে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ছিল সামাজিক সম্পর্কগুলি। যার ফলে আমরা দেখতে পাই বৃদ্ধ কালীকিঙ্করের স্বপ্নে দেখা পুত্রবধূর মাঝে দেবীর অধিষ্ঠান লাভের পর স্বীয় পুত্রবধূ দয়াময়ীকে কালী দেবী হিসেবে পূজা শুরু করে দেওয়া। আবার যখন নিবারনের নাতি কাকতালীয়ভাবে সুস্থ হয়ে ওঠে, তখন সমগ্র গ্রামবাসীও কুসংস্কারাচ্ছন্ন হয়ে দয়াময়ীকে কালী দেবী হিসেবে পূজা শুরু করে।
এছাড়াও পুরুষতান্ত্রিক বাংলার প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই সিনেমায়। আমরা দেখতে পাই কালীকিঙ্কর যখন দয়াময়ীর পায়ে লুটিয়ে পড়ে তখন তার বড় ছেলে সেটি নিয়ে তেমন কোনো প্রতিবাদ না করে বাবার মত করে গড় হয়ে প্রণাম শুরু করে দেয়। ‘দেবী’তে আমরা দেখতে পাই বাবা কালীকিঙ্কর এবং ছেলে উমাপ্রসাদের চিন্তাভাবনার বৈপরীত্যও। যেখানে উমাপ্রসাদকে দেখা যায় ইংরেজি শিক্ষা গ্রহণ, বিধবা বিবাহে সমর্থনসহ পুরনো সংস্কারের বিরোধিতা করা, ঠিক সেখানেই কালীকিঙ্কর চরিত্রটি বিদ্বান কিন্তু ধর্মান্ধতায় আচ্ছন্ন। সেসময়টি ছিল প্রাচীন আর অধুনার এক মিলনকাল। প্রাচীন কুসংস্কারগুলোকে সরিয়ে সমাজ তখন সবে আধুনিকতার পথে ধাবিত হওয়া শুরু করছিল। সমাজের সামগ্রিক প্রাচীনতার সেই ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে সেই সমাজের কুসংস্কারগুলোকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করেছেন পরিচালক।

দেবী চলচ্চিত্রটির ঘটনা প্রবাহ শুরু হয় দুর্গা পূজা উদ্যাপনের মধ্য দিয়ে। এরপর উমাপ্রসাদের লেখাপড়া শেখার জন্য কলকাতা যাত্রা, কালীকিঙ্কর স্বপ্ন দর্শনের মাধ্যমে এর কাহিনী বিস্তার লাভ করতে থাকে। চলচ্চিত্রটিতে মূল বাঁক সৃষ্টি হয় যখন একটি শিশু বেঁচে উঠে দয়াময়ীর কাছে এবং তার হাতেই তাদের পরিবারের একমাত্র শিশু ‘খোকা’র মৃত্যুর মধ্য দিয়ে এই ট্র্যাজেডি পরিণাম পায়। এক দেবীর বিসর্জনে যেখানে গল্প শুরু হয় অন্য দেবীর অন্তর্ধানে তার পরিসমাপ্তি ঘটে।
দেবী চলচ্চিত্রটি নিয়ে আলোচনা করতে হলে এখানে শুধুমাত্র ধর্মান্ধতা বা ধর্মের সমালোচনা উঠে আসবে না; সেই সঙ্গে একটি সমাজ, সমাজের মানুষ, তাদের ধ্যান ধারণা, তাদের সংস্কার তথা পুরো ঐতিহাসিক পটভূমি বিস্তৃত হবে। এই চলচ্চিত্রে সত্যজিৎ রায় একটি পরিবারের মাধ্যমে প্রদর্শিত সময়কালের ব্যক্তিদের মনস্তাত্ত্বিক ব্যাপারগুলিও তুলে ধরেছেন।
দেবী চলচ্চিত্রের দুই নারী চরিত্র হরসুন্দরী ও দয়াময়ী এখানে প্রাধান্য পেয়েছে। এখানে একই বাড়িতে হরসুন্দরীর মত প্রতিবাদী নারী আবার দয়াময়ীর মত ভীরু নারী চরিত্র দেখা যায়। তৎকালীন সমাজে অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যাওয়া, ফলে সপ্তদশী দয়াময়ী অত অল্প বয়সে তেমন জোর রেখে কথা বলতে পারে না। শ্বশুরের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত বয়ে চলা দয়াময়ীকে তাই দোষারোপ করা যায় না। কিন্তু দয়াময়ীর চেয়ে বয়সে সামান্য বেশি হরসুন্দরী এরকম সিদ্ধান্তকে প্রশ্ন তুলতে পারে। তাই সে দয়াময়ীর সঙ্গে কথোপকথনে তার আচমকা অবতার বনে যাওয়া নিয়ে বিদ্রুপ করতে পারে আবার মাতাল স্বামীর সঙ্গে তর্ক করার সময়ে শ্বশুরের কর্মকা-কে ‘ভীমরতি’ হিসেবে উচ্চারণ করে তার স্বামী কেন শ্বশুরের কথায় না মজে প্রতিবাদ করলো না সেটা নিয়ে প্রশ্ন তুলতে পারে।

সত্যজিত রায়ের চলচ্চিত্র পরিচালনার জাদুকরি ক্ষমতা প্রয়োগের এক অনন্য উদাহরণ ‘দেবী’ চলচ্চিত্রে দয়াময়ীকে দেবী হিসেবে প্রতিষ্ঠার সিকোয়েন্সটি। আমরা দেখি যে কালীকিঙ্করের স্বপ্নে দয়াময়ীর দেবী রূপ দেখার আগের দিন সকালের দৃশ্যে বাড়ির সামনে নিবারণের গান যেখানে প্রায় ৪৬ বার ‘মা’ শব্দটির ব্যবহার হয়েছে। এরপরও সামান্য টিয়া পাখির মুখ থেকেও দয়াকে ‘মা’ হিসেবে ডাকা এবং স্বপ্ন দেখে কালীকিঙ্করের দয়াময়ীর পায়ে লুটিয়ে পড়ার আগ পর্যন্তও আরো বহুবার ‘মা’ শব্দটির ব্যবহার পরিচালক করেছেন অতি সুনিপুণভাবে। চলচ্চিত্রের ‘ক্যারেক্টার ফোরগ্রাউন্ড’ নামক থিওরিটির প্রয়োগ এতে প্রতিষ্ঠা পায় যাতে দর্শকদের মনে দেবীর আবির্ভাব বা দয়াময়ীর দেবী হিসেবে প্রতিষ্ঠা হতে যাওয়া সম্পর্কে একই সঙ্গে ধারণা করা যায় এবং কালীকিঙ্করের ভক্তিগত মানসিক অবস্থার মধ্য দিয়ে দর্শকরাও পরিভ্রমণ করতে পারে।
মানুষ কেন স্বপ্ন দেখে বা স্বপ্নে যা দেখে তার সঙ্গে বাস্তবের কোনো মিল আছে কিনা সেটা নিয়ে বহু মনস্তাত্ত্বিকের নানারকম তত্ত্ব রয়েছে ।

দেবী চলচ্চিত্রে কালী কিঙ্করের দয়াময়ীকে স্বপ্নে দেবী হিসেবে দেখার আগের দিনের ঘটনাবলীর দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে, উমাপ্রসাদ দয়াময়ীকে নিয়ে শহরে যেতে চায় আবার কালীকিঙ্করের ভাষ্যে উঠে আসে দয়াময়ীকে তিনি পূত্রবধূ হিসেবে গ্রহণ করলে দয়া যেন তার মায়ের মত। যার ফলে তীর্থে যাওয়ার ইচ্ছা থাকলেও দয়ার সেবা-শুশ্রুষায় তিনি ঘরেই থেকে যেতে চান।এতে করে টের পাওয়া যায় যে দয়া যদি তার স্বামীর সঙ্গে দূরে চলে যায় তাহলে কালীকিঙ্করের সেবাযতেœ ঘাটতি দেখা যাবে, যেহেতু হরসুন্দরীর সঙ্গে কালীকিঙ্করের তেমন হৃদ্যতা দেখা যায় না। আবার কালীকিঙ্কর ছিলেন কালীদেবীর বিশেষ ভক্তও, যে দেবী তার ঘরে অধিষ্ঠিত। অতএব সব মিলিয়ে যদি আমরা কালীকিঙ্করের অবচেতন মন নিয়ে আলোচনা করি তাহলে বুঝতে পারবো যে, কালীকিঙ্কর চান দয়াময়ী ঘরেই থাকুক সেটা যেভাবেই হোক। আর এই প্রবল ইচ্ছাটারই প্রতিফলন ঘটে তার দেখা স্বপ্নে যেখানে তিনি দয়াময়ীকে কালীদেবী হিসেবে আবিষ্কার করেন। ফলে দয়াময়ীকে দেবীকালী হিসেবে ঘরে অধিষ্ঠিত করে রাখা হয়।
দয়াময়ী চরিত্রটিকে সিনেমা শুরু থেকেই অনেক প্রাণচঞ্চলে ভরপুর হিসেবে দেখা যায়। স্বামীর কাছে যে প্রিয়তমা, শ্বশুরের কাছে পরম স্নেহের, বৌদির আড্ডার সঙ্গী, ঠাকুর্পোর ছেলে যাকে ছাড়া খেতেই পারে না এমনকি ঘরে পোষা টিয়া পাখিটির মুখেও বারবার দয়াকে ‘মা’ বলে ডাকা। সবমিলিয়ে দয়া যেন ‘ঘরের লক্ষ্মী’ হিসেবেই প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু তারপরই কালীকিঙ্করের স্বপ্ন অভিশাপ হয়ে আসে দয়াময়ীর জীবনে। দয়াময়ীর কাছ থেকে সবাইকে ভীতিজনক দূরত্বে সরে যেতে দেখি আমরা।

দেবীকে যখন জোর করে দেবীর অবস্থানে অধিষ্ঠিত করা হয় এবং কাকতালীয়ভাবে তার চরণামৃতের মাধ্যমে এক মৃতপ্রায় শিশু সুস্থ হয়ে ওঠে সেই ঘটনায় সে নিজেই বিশ্বাস করতে শুরু করে যে সে হয়তো সত্যিই দেবীর অবতার রূপ লাভ করেছে । যার ফলে সে তার স্বামীর সঙ্গে পালিয়ে যেতে গিয়েও পারে না। যে দ্বিধা ওর মধ্যে কাজ করে তার ফলস্বরূপ সে ফিরে আসে বাড়িতে। তার সামনে সুযোগ থাকলেও সে পালিয়ে যায় না সেই দেবীরূপের মানসিক অত্যাচার থেকে।

উমাপ্রসাদ তার কুসংস্কারাচ্ছন্ন বাবার ছত্রছায়ায় বড় হয়ে পরবর্তীতে সংস্কারপন্থী চিন্তাধারা গ্রহণ করলেও তার মনের গভীরে তার বাবার চিন্তাভাবনার একটা বীজ ঠিকই থেকে যায়, যার ফলে তার প্রতিবাদ থাকলেও তাতে জোরটা তেমন ছিল না। কিন্তু শেষদিকে বৃদ্ধের সঙ্গে কথোপকথনের দৃশ্যের পর টের পাওয়া যায় যে আধুনিক চিন্তাভাবনার উমাপ্রসাদ অবশেষে তার কুসংস্কারমুক্ত চিন্তা-চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাড়ি ফিরে যায় এবং এবার যে সে ঠিকই তার বাবার কুসংস্কার ঘেরা পরিস্থিতি থেকে নিজের স্ত্রীকে উদ্ধার করবেই, সে বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ হয়।

মূলত দয়া দেবী বা রাক্ষুসী কেউই নয়, সে সপ্তদশী এক সাধারণ গৃহবধূ কেবল। তাকে তার শ্বশুরের ধর্মীয় কুসংস্কারাচ্ছন্ন ইচ্ছার বলি হিসেবে কখনো দেবী হিসেবে আবার শেষে রাক্ষুসী রূপে উপস্থাপিত করে শেষ পর্যন্ত তার অন্তর্ধানই হয় তার শেষ পরিণতি। সবমিলিয়ে যেন সমাজের সকল নারীরই যে দেবীর মত বিসর্জনই হয় তার শেষ পরিণতি সেটিই তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট